, | |

মূলপাতা আইন-আদালত

ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী শাজাহান খানের একি কাণ্ড!


আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার সময় সাবেক মন্ত্রী শাজাহান খান মাথা থেকে হেলমেট ছুড়ে ফেলেন। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :২০ এপ্রিল, ২০২৫ ৩:৪১ : অপরাহ্ণ

জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তিনি মেজাজ হারিয়ে মাথা থেকে হেলমেট ছুড়ে ফেলেন।

আজ রোববার সকালে পুলিশের প্রিজনভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, ট্রাইব্যুনালের হাজতে নেওয়ার হঠাৎ ক্ষুব্ধ হয়ে পড়েন শাজাহান খান। মাথায় থাকা হেলমেট খুলে মাটিতে ফেলে দেন তিনি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে শান্ত করার পাশাপাশি হেলমেটটি পুনরায় তার মাথায় পরিয়ে দেন।

 

এরপর ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন।

তিনি বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে। এটা আমার জন্য অমর্যাদাকর।’

তার আইনজীবীও এই বিষয়টি আদালতের কাছে তুলে ধরেন। এসময় ট্রাইব্যুনালের বিচারক ‘কী হয়েছে’ তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান।

পুলিশ সদস্য নুরুন্নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়।

তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় শাহজাহান খান পুলিশকে রাজাকারের বাচ্চা বলেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ মোট ১৯ জনকে। তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্রী-শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণে গড়ে ওঠা বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।

বিচারিক কার্যক্রম শুরু হয় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে হাজির করা ১৯ আসামির মধ্যে ছিলেন-শাজাহান খান, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, সালমান এফ রহমান, শামসুদ্দিন চৌধুরী মানিক, জাহাঙ্গীর আলম, সোলায়মান সেলিম, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জুনায়েদ আহমেদ পলক, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও জিয়াউল আহসান।

মানবতাবিরোধী অপরাধের তদন্ত ও বিচার কার্যক্রমের অংশ হিসেবেই তাদের আদালতে তোলা হয়।

আরও পড়ুন: ভারত আর ‘র’-এর বিরুদ্ধে কথা বলা থামাবো না: হাসনাত আবদুল্লাহ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর