, | |

মূলপাতা জাতীয়

আ.লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া নির্দেশ


সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রকাশের সময় :১৯ এপ্রিল, ২০২৫ ২:১৭ : অপরাহ্ণ

আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

পুলিশের উদ্দেশে তিনি বলেছেন, ভবিষ্যতে যেন আওয়ামী লীগ আর কোনো মিছিল করতে না পারে। যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন শেষে তিনি পুলিশ বাহিনীকে এ কড়া নির্দেশ দেন।

গতকাল শুক্রবার রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছেন। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুলিশ অলরেডি দুজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোনও নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো (ঝটিকা মিছিল) ভালোভাবে কন্ট্রোল করতে না পারে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এ জন্য পুলিশ সদস্যদের বিষয়টিও ভাবা হচ্ছে। আমরা চেষ্টা করছি, যারা নিচের স্তরের পুলিশ সদস্য তাদের নিজ নিজ জেলায় রাখার। তাহলে তারা সহজেই পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। তাদের (পুলিশ) ছুটির সংখ্যা খুবই কম।’

বিমানবন্দর থানা ছাড়াও উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানা পরিদর্শনের কারণ তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা, খাওয়ার জায়গাগুলো কেমন; এগুলো দেখার জন্যই আমরা পরিদর্শন করছি। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

গত কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। যা নিয়ে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে।

এ নিয়ে রাজধানীর উত্তরাসহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। তাদের দাবি গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতে নীরব ভূমিকা পালন করছে পুলিশ সদস্যরা।

দেশের রাজনৈতিক দলগুলো দাবি তুলছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ ও জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে তাদের বিচারের আওতায় আনার।

আরও পড়ুন: এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর