বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে মীর মাহফুজুর রহমান মুগ্ধ-আকাশে এমন দৃশ্য দেখে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত লাখো জনতা স্তব্ধ হয়ে যান।
আজ সোমবার পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আয়োজিত ড্রোন শো’তে জুলাই আন্দোলনের এমন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ-অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।
চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো’র আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭টায় শুরু হয় এ ড্রোন শোতে ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। দেখানো হয় ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।
উপস্থিত লক্ষাধিক জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ-অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।
এর আগে বিকেল ৩টা থেকে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য কনসার্ট। কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করছে।
কনসার্ট ঘিরে মানিক মিয়া এভিনিউ পরিণত হয় মানুষের মিলনমেলায়। তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ গানে-নাচে মেতে ওঠে বৈশাখী উৎসবে। বিকেল গড়াতেই উপচে পড়া ভিড়ে জমে ওঠে পুরো এলাকা।
আরও পড়ুন: বর্ষবরণের শোভাযাত্রায় মানুষের ঢল, নজর কেড়েছে ফ্যাসিস্টের মুখাকৃতি
