ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য তৈরি করা দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো শনাক্ত করতে পারেনি আয়োজকরা।
আজ শনিবার ভোর ৪টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ বলছে, তারা আজ শনিবার ভোর ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায়। পুরান ঢাকার সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট ৫টা ২২ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।
কীভাবে আগুনের সূত্রপাত, তা জানতে চাইলে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন মোল্লা জানান, নববর্ষের শোভাযাত্রা উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ সেখানে রয়েছে। এর মধ্যে কেন শুধু দুটি মোটিফে আগুন লেগেছে, সেটি রহস্যজনক।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা ধারণা করছি, পৌনে ৫টা থেকে ৫ মিনিটের মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারকার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি।’ এটির উচ্চতা ২০ ফুট। এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাঁড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।
দীর্ঘ পরিশ্রমে তৈরি প্রতিকৃতি পুড়ে যাওয়ায় শোভাযাত্রার প্রস্তুতিতে অস্বস্তি তৈরি হয়েছে, তবে আয়োজন থেমে থাকবে না বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রার নাম বদলে ‘আনন্দ শোভাযাত্রা’
