আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার মধ্যরাতে রাজধানীর উত্তরার তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।
তিনি জানান, রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়ে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক হত্যা মামলার আসামি তিনি। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হয় তার বাসায়। তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানায় আনা হয়েছে।
ডিসি মহিদুল ইসলাম জানান, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা হয়েছে।
এর আগে, তুরিনের বাড়িতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করে উত্তর-পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজের বাসা ঘিরে রেখেছি। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানা ছাড়াও নীলফামারীতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করে সরকার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন।
২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়।
গত ৫ অগাস্ট গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্য, আওয়ামীলীগের ঘনিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশসহ অনেকে একে একে গ্রেপ্তার হতে থাকেন।
সরকার পতনের আট মাসের মাথায় এবার গ্রেপ্তার করা হয় আইনজীবী তুরিন আফরোজকে।
আরও পড়ুন: ৮ জেলায় তাণ্ডব, বাটা-কেএফসিতে হামলা-ভাঙচুর
