, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

আপনাদের কাজ ক্যান্টনমেন্টে, সেখানেই থাকুন, সেনাবাহিনীকে হাসনাত


আজ বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
প্রকাশের সময় :২২ মার্চ, ২০২৫ ৫:৫১ : অপরাহ্ণ

ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতিকরা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সেনাবাহিনীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, তারা ক্যান্টনমেন্টেই থাকুন।’

আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এ সমাবেশের আয়োজন করে।

সেনাবাহিনীকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ক্যান্টনমেন্ট থেকে গত ১৬ বছর আপনারা রাজনীতিতে নগ্নভাবে হস্তক্ষেপ করেছেন। কিন্তু ২৪ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধু রাজনীতিকরা। আপনাদের প্রতি সম্মান জানাই, শ্রব্ধা জানাই। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমার স্বীকার করি।’

জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক বলেন, ‘দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে দাঁড় করিয়ে দেওয়ার এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আমরা বলতে চাই, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধের নয়, বরং সেনাবাহিনীকে দিয়ে, আমাদের দেশে তাদেরকে অপব্যবহার করে কোনো ষড়যন্ত্র যদি করতে চায় আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। আমাদের সেনাবাহিনীর যে অবদান রয়েছে… সেনাবাহিনীর ওপর আমাদের সম্মান, শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করতে চাই তারা আমাদের এই আস্থার প্রতিদান দেবে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘পৃথিবীতে কোথাও এমন নজির নেই, যারা গণঅভ্যুথানের মধ্য দিয়ে পালিয়ে যায় তাদের আবার নির্বাচনের সুযোগ করে দেয়।’

কোনো আওয়ামী লীগকে বাংলার মাটিতে পুনর্বাসন করা হবে না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির এই মুখ্য সংগঠক বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। আমরা কোনো ইনস্টিটিউশনের বিপক্ষে নই। বরং আওয়ামী লীগ যেসব ইনস্টিটিউশন ধ্বংস করেছে আমরা সেগুলো পুনর্গঠনের পক্ষে।’

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা কোনো নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না। আওয়ামী লীগ যত গণহত্যা করেছে, যত গুম করেছে, যত অপরাধ করেছে তার বিচার করেই দলটিকে নিষিদ্ধ করার দাবি করেছি।’

আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে মির্জা ফখরুল বললেন, কোনো মন্তব্য করবো না

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর