ভুয়া যোগ্যতা দেখিয়ে সায়মা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেয়েছে-এমন অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এটিসহ দুটি মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক তাহাসিন মুনোবীল হক বাদী হয়ে মামলা দু্টি করেন।
মিথ্যা তথ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) শিক্ষকতা না করেও মিথ্যা ও ভুয়া অভিজ্ঞতা দেখিয়ে আবেদন করেন।
ওই আবেদনে পুতুল উল্লেখ করেন যে, তিনি ২০২২ সাল থেকে ২০২৩ সালে সিডি দাখিলের সময়কালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অটিজম এবং মানসিক সমস্যা সংক্রান্ত কারিগরি বিশেষজ্ঞ হিসেবে শিক্ষকতা করেন। এতে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগও পান। যা দন্ডবিধির ৪২০/৪৬৮/৪৭১ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এদিকে, সূচনা ফাউন্ডেশনের নামে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) ফান্ড থেকে ৩৩ কোটি টাকা প্রদানে বাধ্য করার অভিযোগে পুতুলের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শেখ হাসিনার কন্যা ও সূচনা ফাউন্ডেশনের সাবেক চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ পুতুল এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস ও চেয়ারম্যানের সাবেক সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের সদস্যভুক্ত ব্যাংকসমূহের সিএসআর ফান্ড থেকে বিধিবহির্ভূতভাবে সূচনা ফাউন্ডেশনের নামে ২০টি ব্যাংক হিসেবের মাধ্যমে ৩৩.০৫ কোটি টাকা প্রদানে বাধ্য করেন। যা ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় শান্তিযোগ্য অপরাধ।
পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে। যার মধ্যে ‘তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার’ করে পূর্বাচলে পুতুলের নামে প্লট বরাদ্দের অভিযোগেও দুদক একটি মামলা করেছে।
স্বেচ্ছাসেবী ও অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে ২০১৪ সালে গড়ে ওঠা সূচনা ফাউন্ডেশন মানসিক প্রতিবন্ধিতা, স্নায়বিক প্রতিবন্ধিতা, অটিজম ও মানসিক স্বাস্থ্য সমস্যা যুক্ত ব্যক্তিদের নিয়ে কাজ করে। সায়মা ওয়াজেদ এটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ছিলেন।
আরও পড়ুন: ৩ দেশে অর্থ পাচার, দুদকের জালে জি এম কাদের
