, | |

মূলপাতা জাতীয়

হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে: ড. ইউনূস


প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৫ মার্চ, ২০২৫ ১:১৬ : অপরাহ্ণ

মানবতাবিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয় তার সহযোগীদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার স্কাই নিউজ সাক্ষাৎকারটি প্রকাশ করে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার প্রমাণ সরকারের কাছে আছে। কিন্তু তিনি বাংলাদেশে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর।

প্রধান উপদেষ্টা বলেন, তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পন্ন করা সম্ভব কিনা এবিষয়ে নিশ্চয়তা দেননি তিনি। বলেন, আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে।

প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার ১৫ বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দীশালা আয়নাঘরে চলে অমানবিক নির্যাতন। এর বীভৎসতা সবাইকে শুধু হতবাকই করেনি নৃশংসতার চরম পর্যায়কে তুলে ধরেছে

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আয়নাঘরগুলো যখন আপনি (সাংবাদিক) নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে, কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘরগুলো সেনাবাহিনীর আওতাধীন। তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। তবে আমাদের পরিকল্পনা রয়েছে, এগুলো জাদুঘরে রুপান্তরিত করার। যাতে জনগণ সেখানে আসতে পারে এবং ইতিহাস জানতে পারে।

শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুন: আয়নাঘর দেখে প্রধান উপদেষ্টা বললেন ‘এটা বিভৎস দৃশ্য’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর