, | |

মূলপাতা জাতীয়

উপদেষ্টা পরিষদে আসছে নতুন মুখ


প্রকাশের সময় :৪ মার্চ, ২০২৫ ৩:২৪ : অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে আরও চার নতুন মুখ। আগামীকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

সরকারি সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরার (চৌধুরী রফিকুল আবরার) শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। বাকি দুজনের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্র জানায়, নতুন উপদেষ্টা নিয়োগের পাশাপাশি বর্তমান উপদেষ্টা পরিষদে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্যে কারো কারো দপ্তর পরিবর্তন হতে পারে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের ২১ জন উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।

 

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সামলাচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়।

অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ড. সালেহ উদ্দিন আহমেদ, পরিকল্পনা মন্ত্রণালয় সামলাচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ড. আসিফ নজরুল, পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাচ্ছেন তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সামলাচ্ছেন আদিলুর রহমান খান, খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আলী ইমাম মজুমদার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সামলাচ্ছেন মুহাম্মদ ফাওজুল কবির খান, বন ও পরিবেশ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সামলাচ্ছেন আসিফ মাহমুদ।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ফারুক-ই-আজম, নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সামলাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন নুরজাহান বেগম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন ফরিদা আখতার, মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আছেন শারমীন এস মুরশিদ।

এ ছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ড. আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সুপ্রদীপ চাকমা, বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে শেখ বশির উদ্দিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মাহফুজ আলম এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে মোস্তফা সরয়ার ফারুকী দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: এবার বগুড়া পুলিশ লাইনে গোপন বন্দিশালার সন্ধান

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর