, | |

মূলপাতা জাতীয় নাগরিক পার্টি

নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’


প্রকাশের সময় :২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১৬ : অপরাহ্ণ

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে। দলটির নাম দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’।

আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে, সেগুলো নিশ্চিত করেছেন।

জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া এ রাজনৈতিক দলের শীর্ষ ৬ পদের নেতৃত্ব এরই মধ্যে চূড়ান্ত হয়েছে।

তথ্যমতে, দলটির আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে থাকছেন হাসনাত আবদুল্লাহ। আর যুগ্ম সদস্য সচিব হচ্ছেন সামান্তা শারমিন।

নতুন এই কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে কমিটির একটা খসড়া তালিকাও তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া সম্মুখযোদ্ধাদের গুরুত্বপূর্ণ পদগুলোতে স্থান দেওয়া হয়েছে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটবে। শুরুতে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি হবে।

আরও পড়ুন:

ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানের অর্জন নস্যাতের ষড়যন্ত্র করছে

নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর