স্বাধীনতার ৫৩ বছর পর ২০২৪ সালে আরেকটি স্বাধীনতার স্বাদ পেলো জাতি। প্রায় একমাস ব্যাপী আন্দোলন-সংগ্রাম ও সহস্রাধিক তরতাজা মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হলো এবারের স্বাধীনতা। ছাত্র-জনতার গণবিপ্লব-উত্তর নতুন বাংলাদেশের পালে এখন নতুন হাওয়া। বিশ্বনন্দিত শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্র সংস্কারের কাজে হাত দিয়েছে।
লাল-সবুজের বাংলাদেশের নতুন পথচলার প্রাক্কালে রাজনীতি সংবাদ চার বছর পূর্ণ করছে আজ। ২০২০ সালের ১১ নভেম্বর রাজনীতি সংবাদের যাত্রা শুরু হয়। সাফল্যের সিঁড়ি বেয়ে চার বছর পার করে পাঁচ বছরে হাঁটা শুরু করলো রাজনীতি বিষয়ক এই বিশেষায়িত অনলাইন নিউজ পোর্টাল।
পঞ্চম বর্ষে পদার্পণের এই শুভ মুহূর্তে আমাদের সব পাঠক ও শুভানুধ্যায়ীকে নিরন্তর শুভেচ্ছা, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
অনলাইন নিউজ পোর্টালকে বলা হয় ‘নিউজ হাব’। গতিময় নাগরিক জীবনে এখন আধুনিক সংবাদ মাধ্যম হিসেবে অনলাইন নিউজ পোর্টাল খুবই জনপ্রিয়। মানুষ এখন এতোটাই ব্যস্ত হয়ে পড়েছে যে, তারা তাৎক্ষনিক সব খবর জানতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যম মানুষকে আরও বেশি করে খবরমুখী করেছে। বেড়েছে পাঠকের চাহিদা। যোগ হয়েছে নতুন নতুন মাত্রা। সেই চাহিদা পূরণে রাজনীতি সংবাদে শুধু রাজনীতি নয়; ব্যবসা-বাণিজ্য, খেলা, বিনোদনসহ বিভিন্ন সংবাদের সাথেও পাঠককে নিয়মিত সঙ্গী করে রাখছে। গত চার বছরে রাজনীতি সংবাদ নিজস্ব স্বকীয়তা নিয়ে সত্য ও তথ্যনির্ভর খবর পরিবেশন করে পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে।
জনস্বার্থ সাংবাদিকতার স্বাধীন প্লাটফর্ম ও একটা নীতিনিষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হতে চায় রাজনীতি সংবাদ। সংবাদ প্রকাশে আমরা নৈতিক জায়গার সঙ্গে আপোষ করিনি। পথচলায় প্রতিবন্ধকতা এসেছে; তবে চলার রথটি থেমে থাকেনি কখনও। কোনো রকম চাপের কাছে নতি স্বীকার না করে নির্ভীক ও আপসহীন সাংবাদিকতা করছে রাজনীতি সংবাদ।
পাঠক ও শুভানুধ্যায়ীদের অকৃপণ সহায়তায় রাজনীতি সংবাদ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে-এমনটা প্রত্যাশা।
-সম্পাদক, রাজনীতি সংবাদ
