বঙ্গভবন থেকে সরানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। আজ সোমবার বেলা ১২টার দিকে নিজের ফেসবুক প্রোফাইলে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম।
গতকাল রোববারও দরবার হলে নতুন ৩ উপদেষ্টার শপ্তহ গ্রহণের সময় ছবিটি ছিলো।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড প্রোফাইল থেকে দেওয়া পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘৭১ পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি।’
এই উপদেষ্টা আরও লেখেন, ‘আমরা ক্ষমাপ্রার্থী, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তার ছবি কোথাও দেখা যাবে না।’
মাহফুজ আলম লিখেছেন, ‘৭২’ এর অগণতান্ত্রিক সংবিধান থেকে দুর্ভিক্ষ, শত শত কোটি টাকা পাচার, ভিন্নমতাবলম্বী এবং বিরোধীদের বিচারবহির্ভূত হত্যা (৭২-৭৫, ২০০৯-২০২৪), শেখ মুজিব এবং তার মেয়ে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছে আওয়ামী লীগকে অবশ্যই তা স্বীকার করতে হবে এবং এর জন্য ক্ষমা চাইতে হবে। তারপর আমরা একাত্তর পূর্ববর্তী শেখ মুজিবকে নিয়ে আলোচনা করতে পারি। ক্ষমাপ্রার্থনা এবং ফ্যাসিস্টদের বিচারের আগে তাদের পুনর্বাসনের কোনো সুযোগ নেই।’
প্রসঙ্গত, এর আগে গতকাল রোববার সন্ধ্যায় নতুন করে শপথ নেন তিন উপদেষ্টা। তারা হলেন–ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।
এই শপথ অনুষ্ঠানের সময়ও সেখানে শেখ মুজিবের ছবি টাঙানো ছিল। পরে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এমনকি ফেসবুকে স্ট্যাটাসও দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরপর আজ এই ছবি সরানো হলো।
আরও পড়ুন: যে কারণে পালানোর আগে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করেননি হাসিনা
