, | |

মূলপাতা রাজধানী

‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতার ১৭তম আসরের উদ্বোধন


‘পিএইচপি কুরআনের আলো’ প্রতিযোগিতার ১৭তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।
প্রকাশের সময় :১০ অক্টোবর, ২০২৪ ১১:৩১ : অপরাহ্ণ

দেশের বৃহৎ টেলিভিশনভিত্তিক ইসলামী রিয়ালেটি শো ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ প্রতিযোগিতার ১৭তম আসরের উদ্বোধন করা হয়েছে।

গত বুধবার (৯ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে সুফি মিজানুর রহমান বলেন, ‘পিএইচপি ফ্যামিলি দেশ ও দেশের মানুষের কল্যাণে সবসময় পাশে থাকে; মহান আল্লাহর পবিত্র কুরআনের এ অনুষ্ঠানে শুরু থেকেই সম্পৃক্ত রয়েছে। আমরা চাই মেধাবী শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে। সে জন্য সবাইকে নিয়ে একসাথে কাজ করার চেষ্টা করি। কুরআনের এই রিয়্যালিটি শো কেবল দেশের মধ্যেই নয়, বিদেশেও জনপ্রিয়তা লাভ করেছে। সতেরো বছর ধরে এ প্রতিযোগিতা চলে আসছে। এটিকে অনুসরণ করে পরবর্তীতে আরও অনুষ্ঠান হলেও সেগুলো ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। আমরা আশা করি, এনটিভির ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ অনুষ্ঠান আগামীতেও চলমান থাকবে। এতে পাশে থাকবে পিএইচপি ফ্যামিলি।’

 

হিফজুল কুরআন প্রতিযোগিতার নবনির্বাচিত চেয়ারম্যান আবু ইউসুফের পিতা মাওলানা আবুল কাশেম ১৭তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, ‘আল্লাহ তায়ালার প্রতি অগাধ বিশ্বাস ও তার রহমত কামনা করছি; যাতে এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। কুরআনের হাফেজদের প্রতি স্নেহ ও ভালোবাসা রেখে এ অনুষ্ঠান আগের চেয়েও বেগবান করতে আমরা সুদক্ষ ও সম্মানিত দায়িত্বশীলদের নিয়ে কাজ শুরু করেছি। আমরা দেশে ও বিদেশে কুরআনের হাফেজদের স্বচ্ছ প্ল্যাটফর্ম গড়ার মাধ্যমে তাদের বিশ্ব দরবারে তুলে ধরার প্রতিশ্রুতি দিচ্ছি।’

অনুষ্ঠানে রহিম আফরোজের গ্রুপ ডিরেক্টর নিয়াজ রহিম বলেন, ‘আবু ইউসুফ কুরআনকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলে ধরেছেন। আশা করি তার দায়িত্বশীল নেতৃত্ব অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে তুলে ধরবে।’

অনুষ্ঠানে সেভয় আইসক্রিমের এমডি নিয়াজ আহমেদ, স্মার্ট একটিভ গোল্ড মেহেদির জেনারেল ম্যানাজার হাম্মাদ আমিন, বাংলা ক্যাটের মোহাম্মাদ আশরাফুজ্জামান চৌধুরী এবং দেশবরেণ্য আলেমরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’ প্রতিযোগিতা অনুষ্ঠানটি ২০০৭ সাল থেকে দেশের ৬৪ টি জেলা ও দেশের বাইরে প্রবাসী সন্তানদের মধ্য থেকে কুরআনের হাফেজদের বাছাই করে এনটিভিতে প্রচার করা হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীরা পরবর্তীতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগতাতেও অংশগ্রহণ করেন। এরই মধ্যে অনুষ্ঠানটি দেশে ও বিদেশে সুনাম অর্জন করেছে। বাংলাদেশে বিশুদ্ধভাবে কুরআন শিক্ষার ও আন্তর্জাতিক মানের হাফেজ হওয়ার প্রবল আগ্রহ তৈরি হয়েছে। এই প্রতিযোগিতার পুরস্কার বছর ভেদে ভিন্ন হয়ে থাকে। তবে ১ম স্থান, ২য় স্থান ও ৩য় স্থান দখলকারীকে পবিত্র কাবাঘর জিয়ারত ও ওমরাহ পালনের সুযোগ দেওয়া হয়।

‘পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে’র প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। সহ-পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক, স্মার্ট একটিভ গোল্ড মেহেদি, বাংলা ক্যাট, সেভয় আইস ক্রিম, ইনফিনিটি মেগা মল, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর