বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চলমান অসহযোগ কর্মসূচিতে রাজধানীর শাহবাগে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় আন্দোলন চলাকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতরে থাকা অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে।
আজ রোববার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু মেডিকেলের ভেতর থেকে প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে ইটপাটকেল-ঢিল ছুঁড়তে শুরু করেন। এ সময় শাহবাগে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে সেখানে ঢুকে যায়। এতে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা জনতা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় মেডিকেলের ভেতরে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ অন্তত ৫০টি গাড়িতে ভাঙচুর করা হয়। তখন সেখানে অবস্থান করা সরকারদলীয় নেতাকর্মীরা বহুতল ভবনের ছাদে আশ্রয় নেন।
এর আগে সকালে শাহবাগে শিক্ষার্থীরা এলে সেখানে ছাত্রলীগ, যুবলীগের নেতাকার্মীরা প্রথমে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে যায়।
বর্তমানে শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন। চকবাজার শ্রমিকদের একটি দলও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে এসেছেন।
শাহবাগে অবস্থানকারীরা ‘দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ’, ‘অভ্যুত্থান, অভ্যুত্থান, ‘ছাত্র-জনতার অভ্যুত্থান, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে,’ ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত,’ ‘স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
শাহবাগ ও সংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। প্রথমদিকে শাহবাগে সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও এখন কোনও পুলিশ সদস্যকে সেখানে দেখা যাচ্ছে না।
অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ রাজধানীসহ সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কেন্দ্রীয়ভাবে শাহবাগে বেলা ১১টা থেকে বিক্ষোভ ও গণসমাবেশ আয়োজনের কথা জানান আন্দোলনের সমন্বয়করা। এছাড়া রাজধানীতে সায়েন্স ল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুর, টেকনিক্যাল, মিরপুর ১০, রামপুরা, তেজগাঁও, ফার্মগেট, পান্থপথ, যাত্রাবাড়ী ও উত্তরায় বিক্ষোভ ও গণসমাবেশ আয়োজনের কথা রয়েছে।
আরও পড়ুন: মন্ত্রী-এমপি ও ব্যবসায়ীদের দেশত্যাগের হিড়িক
