, | |

মূলপাতা জাতীয়

৬ সমন্বয়কসহ আটকদের ছেড়ে দিতে ডিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম


আজ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :৩০ জুলাই, ২০২৪ ১:২৫ : অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ ডিবিতে অন্য যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ নতুবা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক অনুষ্ঠানে এ আলটিমেটাম দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এ অনুষ্ঠান হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাবো, সমন্বয়কদের সঙ্গে দেখা করতে। যদি তাদের সঙ্গে দেখা করতে না দেওয়া হয়, তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘন্টা সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে ৬ সমন্বয়কসহ আটককৃতদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরো কঠোর আন্দোলনে আমরা ঝাপিয়ে পড়বো।’

 

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের আশা ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারের দায়িত্বে যারা আছেন তারা দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের দাবিগুলোতে সমর্থন দিবে। সেটিকে পূরণ করবে। সেটি হয়নি। এই ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিতে হবে।’

উল্লেখ্য, গত ২৬ জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক-নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে তুলে নিয়ে যান সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য।

পরদিন ২৭ জুলাই আরও তিন সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসসুমকেও তুলে যায় ডিবি পুলিশ।

পরে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। এই ছয় সমন্বয়ক এখনো ডিবির হেফাজতে আছেন।

আরও পড়ুন:

ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের

কোটা সংস্কার আন্দোলনের আরও ২ সমন্বয়ককে তুলে নিয়েছে ডিবি

ডিবি হেফাজতে কোটা সংস্কার আন্দোলনের ৩ নেতা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর