, | |

মূলপাতা বিএনপি

১১ দিন পর বাসায় ফিরলেন খালেদা জিয়া


আজ সন্ধ্যায় হাসপাতাল থেকে বের হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
প্রকাশের সময় :২ জুলাই, ২০২৪ ৮:২৯ : অপরাহ্ণ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১১ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছান তিনি। মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে বাসায় নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন, ম্যাডাম (খালেদা জিয়া) অত্যন্ত সংকটাবস্থায় ছিলেন। পেসমেকার বসানোর পর এখন তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল। সে কারণে তাকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। বাসায় রেখেই তাকে সার্বক্ষণিক চিকিৎসা দেবেন চিকিৎসকেরা।

 

খালেদা জিয়া যখন বাসায় পৌঁছান, তখন সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২১ জুন দিবাগত রাত ৩টার দিকে গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে দ্রুত সিসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করে মেডিকেল বোর্ড।

গত ২২ জুন রাতে মেডিকেল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন। পরদিন বিকালে খালেদা জিয়ার হার্টে (হৃদযন্ত্র) পেসমেকার (হৃদস্পন্দন তৈরির যন্ত্র) স্থাপন করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার হার্টে বসানো হলো পেসমেকার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, ম্যাডামের (খালেদা জিয়া) হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল। হার্টে ব্লক ছিল, একটা স্টেন্টও (রিং) লাগানো ছিল। সব কিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেন।

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

দুর্নীতির দুই মামলায় ১৭ বছর দণ্ডিত সাবেক এই প্রধানমন্ত্রী সরকারের নির্বাহী আদেশে মুক্তি পেলেও বিদেশে তার চিকিৎসা করা যাচ্ছে না। বিদেশে যাবেন না-এমন শর্তে ২০২০ সালের ২৫ মার্চ ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি নেত্রী। এরপর থেকে প্রতি ছয় মাস অন্তর খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার মুক্তির মেয়াদ বাড়িয়ে যাচ্ছে সরকার।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর