, | |

মূলপাতা বিএনপি

৪ দিন পর বাসায় ফিরেছেন খালেদা জিয়া


ফাইল ছবি
প্রকাশের সময় :১৭ জুন, ২০২৩ ৮:২৩ : অপরাহ্ণ

চারদিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শনিবার রাত পৌনে ৮টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজায়’ ফিরেছেন তিনি।

খালেদা জিয়ার বাসায় ফেরার খবরে গুলশানের বাসভবন ফিরোজার সামনে দলটির নেতা-কর্মীরা ভিড় জমায়।

সাবেক প্রধানমন্ত্রীর বাসায় ফেরার খবরে বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলাবাহিনী। এসময় বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ।

গত ১২ জুন দিবাগত রাত ১টা ৪০ মিনিটে অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভর্তি করানো হয়।

পরে বিএনপি নেতারা জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যান্য রোগগুলো মোটামুটি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে লিভার ও কিডনি জটিলতা বেশি ভোগাচ্ছে তাকে। চিকিৎসকরা ওষুধ দিয়ে সেটাকে নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছেন। তিনি মোটামুটি ভালো আছেন।

দুই মাস আগে গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালেদা জিয়া। পাঁচ দিন পর মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে বাসায় ফেরেন তিনি।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাটিস, ডায়াবেটিস, কিডনি, হৃদপিণ্ডে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ১৭ বছর দণ্ডিত হওয়ার দুই বছর পর সরকারের নির্বাহী আদেশে ‘সাময়িক মুক্তি’ পান খালেদা জিয়া। এই সাময়িক মুক্তির মেয়াদ ছিল ছয় মাস। পরে কয়েক দফায় মেয়াদ বাড়ানো হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর