, | |

মূলপাতা জাতীয়

দুবাই থেকে নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরেননি মুরাদ


প্রকাশের সময় :১২ ডিসেম্বর, ২০২১ ১০:১৫ : পূর্বাহ্ণ

দুবাই থেকে নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরেননি সদ্যবিদায়ী তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। কানাডা ও দুবাইয়ে ঢুকতে না পেরে আবারো দেশে ফিরে আসার প্রস্তুতি নিয়েছিলেন জামালপুর-৪ আসনের আওয়ামী লীগের এই সংসদ সদস্য।

আজ রোববার দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ( ইকে-৫৮২) সকাল ৮টা ১০ মিনিটের ফ্লাইটে মুরাদের দেশে ফেরার কথা ছিল।

তার দেশে ফিরে আসার খবরে সাংবাদিকরা ভোর থেকেই ভিড় করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

কিন্তু বিমানবন্দরের একটি সূত্র একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে মুরাদ হাসান আসেননি।

সূত্রে জানা গেছে, কানাডার টরন্টো বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টায় দুবাইয়ে এসে পৌঁছান ডা. মুরাদ।

এরপর তিনি বিমানবন্দরের টার্মিনাল-৩ এ প্রবেশ করেন। তবে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) অথবা পর্যটন ভিসা না থাকায় তাকে দুবাইয়ে ঢুকতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

সূত্রটিআরও জানায়, বিমানবন্দরের ট্রানজিট এলাকায় বসে দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন মুরাদ।

তার সঙ্গে কথা বললেও শনিবার দুবাইয়ে সরকারি ছুটি থাকায় ভিসার ব্যবস্থা করতে পারেননি দূতাবাসের কর্মকর্তারা। তারা মুরাদকে রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

এরপর ডা. মুরাদ দুবাই বিমানবন্দরে বসেই এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২ ফ্লাইটের বিজনেস ক্লাসের একটি টিকিট কেটেছেন।

ফ্লাইটটি দুবাইয়ের স্থানীয় সময় শনিবার মধ্যরাত ১টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছাড়ে। কিন্তু সকাল ৮টা ১০ মিনিটে ঢাকায় অবতরণ করা এই ফ্লাইটে দেশে আসেননি মুরাদ হাসান।

দুবাই বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানায়, মুরাদ দুবাইতে প্রবেশ করার চেষ্টা করছেন। তিনি ঢাকায় ফেরার টিকেট কাটলেও বেশ কয়েকবার বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।

ফলে শেষ পর্যন্ত তিনি ঢাকায় আসবেন কি না, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে কানাডার উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মুরাদ।

মুরাদ হাসানের সঙ্গে তার পরিবারের কোনো সদস্য ছিলেন না। তিনি একাই কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেন।

মুরাদ প্রথমে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যান। সেখান থেকে আমিরাতের একটি ফ্লাইটে কানাডায় যান।

স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩১ মিনিটে তিনি টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ।

জানা যায়, মুরাদ টরন্টো পিয়ারসন বিমানবন্দরে পৌঁছালে তাকে কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান।

নারীদের নিয়ে বিতর্কিত ও অশোভন মন্তব্য সম্পর্কে তাকে ইমিগ্রেশনে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সঙ্গে তার কাছে বিভিন্ন ভিডিও, ছবি ও সংবাদের বিষয়ে জানতে চাওয়া হয়।

মুরাদ কী কারণে কানাডায় এসেছেন, সে বিষয়েও জানতে চান ইমিগ্রেশন কর্মকর্তারা। এ সময় যুক্তিযুক্ত কারণ দেখাতে ব্যর্থ হন তিনি।

সরকারি ও ব্যক্তিগত পাসপোর্ট জটিলতার বিষয়েও কানাডা ইমিগ্রেশন জানতে চাইলে কোনো সদুত্তর দিতে না পারায় তাকে পিয়ারসন বিমানবন্দর থেকে পুনরায় দুবাইয়ে ফেরত পাঠানো হয়।

গত ৪ ডিসেম্বর ইউটিউবে প্রকাশিত একটি সাক্ষাৎকারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে উদ্দেশ করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন প্রতিমন্ত্রী মো. মুরাদ।

এরপর গত রোববার রাতে তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়।

ওই ফোনালাপে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনারও হুমকি দেন।

বিষয়টি নিয়ে দেশজুড়ে নিন্দা-সমালোচনার ঝড় ওঠে।

এতে বিব্রতকর অবস্থায় পড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার।

এসবের জেরে মুরাদ হাসানকে মঙ্গলবারের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্দেশনা অনুযায়ী তিনি পদত্যাগ করেছেন।

তবে পদত্যাগপত্রে মুরাদ হাসান ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েছেন।

এছাড়া গেল মঙ্গলবার মুরাদ হাসানকে জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

ধানমন্ডিতে বাসা রেখে হোটেল সোনারগাঁওয়ে কী করতেন মুরাদ

ছাত্রদল নেতা থেকে আওয়ামী লীগের প্রতিমন্ত্রী, ‘দুঃসময়ে পল্টি দেন ডা. মুরাদ’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর