, | |

মূলপাতা আইন-আদালত

আদালতে কাঁদলেন পরীমনি, চিৎকার করে বললেন ‘আমাকে ফাঁসানো হয়েছে’


প্রকাশের সময় :১০ আগস্ট, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ

আরও দুই দিনের রিমান্ডের আদেশ শেষে আদালতে কান্নায় ভেঙে পড়েন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শুনানি শেষে আদালতের এজলাস কক্ষ থেকে বের হওয়ার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’

মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে আজ (১০ আগস্ট) মঙ্গলবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর দায়রা আদালতে তোলা হয় পরীমনিকে। এ সময় তাকে আরও পাঁচ দিন রিমান্ডে পেতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

উভয় পক্ষের শুনানি শেষে পরীমনিকে দুই দিনের রিমান্ড আদেশ দেন বিচারক দেবব্রত বিশ্বাস।

রিমান্ডের আদেশ শোনার পর আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন পরীমনি। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় মাস্ক খুলে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, আপনারা মিডিয়া কী করছেন? সবাই তাকিয়ে তাকিয়ে দেখছেন।’

আদালতে পরীমনির মামলার পক্ষে শুনানি করেন আইনজীবী মশিউর রহমান, নীলাঞ্জনা রিফাত সুরভীসহ বেশ কয়েকজন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন মুখ্য মহানগর দায়রা আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু।

এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করা হয়।

পরীমনিকে দেখতে আদালত প্রাঙ্গণে শত শত মানুষ ভিড় জমায়। মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। নিরাপত্তার স্বার্থে এজলাস থেকে সাংবাদিকদের বের করে দেয়া হয়।

পরীমনির সঙ্গে এজলাসে প্রবেশ করেন তার নানা শামছুল হক গাজী।

গত ৫ আগস্ট রাজধানীর বনানী থানায় পরীমনি ও আশরাফুল ইসলাম দীপু এবং আরও দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করে র‌্যাব। ওই দিন রাতে আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১৯/এ রোডের ১২ নম্বর বাসায় চিত্রনায়িকা পরীমনির ফ্ল্যাটে অভিযান চালায় র‍্যাব। পরীমনির বাসায় প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে ভয়ংকর নতুন মাদক এলএসডি ও আইস জব্দ করা হয়। এছাড়া বিপুল সংখ্যক বিদেশী মদের বোতল উদ্ধার করা হয়।

রাত সোয়া ৮টার দিকে অভিযান শেষে র‌্যাবের সাদা রঙের কালো গ্লাসযুক্ত একটি হায়েস গাড়িতে করে পরীমনিকে নিয়ে যাওয়া হয় র‍্যাব সদর দপ্তরে।

পরীমনির বাসায় ঢুকে বিস্মিত হন র‌্যাব সদস্যরা। তারা দেখেন, বাসার ভেতরে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন ব্রান্ডের মদের বোতল। পরীমনির বাসাটা যেন ছোটখাটো একটা মিনি বার।

অভিযানে অংশ নেওয়া র‌্যাব কর্মকর্তারা জানান, পরীমনির বাসায় এমন কোনো জায়গা নেই যেখানে মদ পাওয়া যায়নি। তার বাসা থেকে রাশিয়ান ভদকা, জিন, টাকিলা, হুইস্কি ও বহু মূল্যবান রেড ওয়াইন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়েছে। যা বাংলাদেশে খুব কমই আমদানি হয়। এছাড়া তার বাসায় পাওয়া যায় বিদেশি সিগারেটও।

পরীমনির দেওয়া তথ্যে বুধবার রাত ৮টার দিকে র‍্যাবের একটি দল বনানীর জি ব্লকের ৭ নম্বর রোডের ৪১ নম্বর বাসায় অভিযান চালিয়ে রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে আটক করে। এ সময় তার বাসা থেকে বিদেশি মদ, বিয়ার ও সিসার সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

গোয়েন্দা কর্মকর্তার বাসায় ১৮ ঘণ্টা কাটিয়েছেন পরীমনি

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর