চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৬১১ জনের।
আজ বুধবার (৭ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আগের দিনের তুলনায় চট্টগ্রামে নতুন রোগীর সংখ্যা কমলেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৩৯ শতাংশ। গতকাল মঙ্গলবার এক হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৬৬২ জন। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ০২ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা সবাই উপজেলার বাসিন্দা। আর শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬১১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১৪৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬২ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে আর মারা গেছেন মোট ৭৩৫ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
