ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার (২১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার হাজারিগঞ্জে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ২০৭ নম্বর চর ফকিরা কোয়াইড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মনির হাজারীগঞ্জ ৫ নম্বর ওয়ার্ডের বশির উল্লাহর ছেলে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শোভন বাশাক সাংবাদিকদের জানান, হাসপাতালে আনার আগেই গুলিবিদ্ধ ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানিয়েছেন, পুলিশের গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক প্রার্থীর বিদেশ ফেরত ছেলের পিস্তল থেকে গুলি ছুঁড়তে দেখা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, কেন্দ্রের বাইরে ভোট চাওয়া নিয়ে ৫ নম্বর ওয়ার্ডের ফুটবল প্রতীকের মেম্বারপ্রার্থী ইয়াসিন মাঝি ও টিউবওয়েল প্রতীকের মেম্বারপ্রার্থী ইউসুফ সিকদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি ছররা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মনিরের মৃত্যু হয়।
