বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন দেখতে পায় না ও গণতন্ত্র খুঁজে পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (২৭ মে) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাংস্কৃতিক বিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলা এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির ধারক, বাহক ও পৃষ্ঠপোষক বিএনপিকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’
বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র খুঁজে পাচ্ছে না বলে যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়, কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।’
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতি প্রেমিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই অপশক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করতে হবে।’
