হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী হুঁশিয়ার করে বলেছেন, ‘রমজানের দিনে নিরপরাধ আলেম-ওলামাদের ওপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না। আল্লাহ ফেরাউনকেও সুযোগ দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেননি। মনে রাখবেন-আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জুলুমের শেষ একদিন হবে। পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি।’
আজ শুক্রবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদ বাইতুল করিমে জুমার আগে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
হাটহাজারী মাদ্রাসার শাইখুল হাদিস ও শিক্ষাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী অভিযোগ করে বলেন, ‘আলেম ওলামারা সারাদিন রোজা রেখে ইফতার করবেন তার সুযোগ দিচ্ছেন না। তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে। সারারাত বাহিরে বাহিরে লুকিয়ে থেকে সেহরি খেতে আসেন, ওখান থেকেও তুলে নিয়ে যাচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশির নামে মহিলাদের কষ্ট দিচ্ছে; নিরপরাধ সাধারণ জনগণকেও হয়রানি করা হচ্ছে।’
মুসল্লিদের উদ্দেশে আল্লামা বাবুনগরী বলেন, ‘চলমান সংকট নিরসনে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেখানে যা করা দরকার ওলামায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে তাই করা হচ্ছে। আপনারা ধৈর্যহারা হবেন না। সবুর করুন। দোয়া ও ইসতিগফার পড়ুন। আল্লাহতায়ালা উত্তম বদলা দিবেন।’
