হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘শান্তিপূর্ণ হরতালে সারা দেশের জনগণ ও আলেমরা সাড়া দিয়েছেন। এ হরতাল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। ইসলামবিরোধী কাজ হলে, জুলুম-নির্যাতন হলে আমরা আলেম-ওলামা, তৌহীদি জনতা এভাবে ঝাপিয়ে পড়বো।’
আজ রোববার (২৮ মার্চ) বেলা তিনটায় হাটহাজারী সদরের কাচারি সড়কে ত্রিবিনী মোড়ে রাস্তায় এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বাবুনগরী অভিযোগ করে বলেন, ‘২৬ মার্চ হেফাজতে ইসলামের কর্মীদের মিছিল ছিল শান্তিপূর্ণ। ওই মিছিলে পুলিশ গুলি চালিয়ে আমাদের তিনজন ছাত্র ও একজন তাবলীগী নিরীহ কর্মজীবিসহ চারজনকে শহীদ করেছে। এ পর্যন্ত ব্রাক্ষণবাড়িয়া ঢাকাসহ সারা দেশে ১৬ জনকে শহীদ করা হয়েছে। আমরা এজন্য হরতালের ডাক দিয়েছি।’
হেফাজতের আমির আরও অভিযোগ করেন, ‘সারা দেশে ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী বেশ কয়েকটি মাদরাসায় হামলা করেছে। জামিয়া ইউনুছিয়া বি.বাড়িয়ার মাদরাসা, সাইনবোর্ড মাদরাসা ঢাকা, যাত্রাবাড়ি মাদরাসা ঢাকাসহ আরো অনেক মাদরাসায় হামলা করা হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি এ হামলা বন্ধ করতে হবে, নিহতদের ক্ষতি পূরণ দিতে হবে, আহতদের সুচিকিৎসা দিতে হবে, গ্রেফতারকৃতদের নিঃশর্তে মুক্তি দিতে হবে। আমাদের দাবিগুলো যদি আদায় না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’
গত শুক্রবার হাটহাজারী থানায় মাদ্রাসাছাত্রদের হামলা প্রসঙ্গে বাবুনগরী বলেন, ‘ছাত্ররা হামলা করেছে এমন কোনো প্রমাণ নেই। বহিরাগতরাও হতে পারে।’
