, | |

মূলপাতা রাজধানী

মোদিবিরোধী মিছিল-মিটিং শক্তভাবে দমন করবে পুলিশ


প্রকাশের সময় :১৪ মার্চ, ২০২১ ৮:১৩ : অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে নরেন্দ্র মোদিবিরোধী আন্দোলনের নামে কেউ রাষ্ট্রের সুনাম নষ্ট করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম আজ রোববার (১৪ মার্চ) ডিএমপি সদরদপ্তরে সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে সামনে রেখে যারা মোদিবিরোধী মিছিল-মিটিং করছে কিংবা করবে তাদের শুভবুদ্ধির উদয় হবে। না হলে পুলিশ শক্তভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ঢাকায় একাধিক রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এসব অনুষ্ঠানে অংশ নিবেন।

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের কারণে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রাজধানীতে যানজটের আশঙ্কার কথা জানিয়েছে পুলিশ। এই ১০ দিন হাতে পর্যাপ্ত সময় নিয়ে রাস্তায় বের হতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি। রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্যও পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান চলাকালে রাজনৈতিক কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, ভিভিআইপিরা আসবেন তাই রাজনৈতিক কোনো কর্মসূচি না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

সদ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (চলতি দায়িত্ব) দায়িত্ব পাওয়া মনিরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে এসে তাঁরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণসহ ঢাকা মহানগরীর বিভিন্ন ভেন্যু পরিদর্শন করবেন। সে কারণে ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত নাগরিকদের রাস্তায় চলাচলে একটু অসুবিধা হতে পারে, ট্রাফিক ব্যবস্থা কিছুটা বিঘ্নিত হতে পারে। সেজন্য আমরা অনুরোধ করব, পরীক্ষাকেন্দ্রে বা কর্মস্থল বা যেখানে যাবেন; পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হবেন। যাতে আপনি অসুবিধায় না পড়েন। তবে আমরা চেষ্টা করব নগরবাসীর যাতে ভোগান্তি না হয় বা যতটা কমানো যায়। তারপরও ট্রাফিক ব্যবস্থায় কিছুটা বিঘ্নিত হতে পারে। সেহেতু রাষ্ট্রের সম্মানের কথা চিন্তা করে সবাই যাতে প্রস্তুতি নিয়ে বের হন।’

 

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর