নগরীর কর্মজীবী নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে আবারও পৃথক পিংক কালারের ‘মহিলা বাস’ সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এ বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরা।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা বাস সার্ভিসের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টর দ্বারা পরিচালিত এই পিংক বাস সার্ভিস চালু করা হয়েছে।
তিনি বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়াতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, কর্মজীবী নারী ও নারী যাত্রীদের নিরাপদ যাতায়াতের কথা বিবেচনায় নিয়ে পিংক বাস সার্ভিস পরিচালনা করা হবে। প্রথম পর্যায়ে ১৪টি বিশেষ বাস চালু করা হচ্ছে। ঢাকার ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে দুটি রুটে দুটি এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলবে। ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল। বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালু হলেও বিভিন্ন কারণে তা নিয়মিতভাবে পরিচালিত হয়নি। নতুন করে পিংক বাস চালুর মধ্য দিয়ে নগরীর নারী যাত্রীদের নিরাপদ গণপরিবহন সুবিধা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
যেসব রুটে চলবে
প্রাথমিকভাবে ঢাকার বিভিন্ন ডিপোর অধীনে একাধিক গুরুত্বপূর্ণ রুটে এ বাস চলবে। মতিঝিল, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, কল্যাণপুর, মিরপুর, জোয়ারসাহারা ও গাজীপুর ডিপোর মাধ্যমে রাজধানী ও আশপাশের এলাকায় নারীদের জন্য পৃথক এই বাস পরিচালনা করা হবে।
মতিঝিল ডিপোর একটি রুটে কোকা-কোলা, নতুনবাজার, উত্তর ও মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে। একই ডিপোর আরেকটি রুট তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিলে পৌঁছাবে।
যাত্রাবাড়ী ডিপোর বাস ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত চলাচল করবে।
মোহাম্মদপুর ডিপোর বাস মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে।
কল্যাণপুর ডিপোর রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করবে।
মিরপুর ডিপোর অধীনে দুটি রুট নির্ধারণ করা হয়েছে। একটি রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। অন্য রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত চলবে।
জোয়ারসাহারা ডিপোর বাস আবদুল্লাপুর, বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।
এ ছাড়া গাজীপুর ডিপোর বাস গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত চলাচল করবে।
রাজধানীর বাইরে চট্টগ্রামে কালুরঘাট থেকে লালখান বাজার এবং কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে দুটি করে বাস চলবে। বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি রুটেও দুটি বাস পরিচালনা করা হবে।
আরও পড়ুন: জুলাই-জুন আর থাকছে না অর্থবছর, নতুন সময়কাল নির্ধারণ
