রাজনীতি সংবাদ প্রতিবেদক
প্রকাশের সময় : ১৩ জুলাই ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত নজরুল ইসলাম চৌধুরী বেশ কিছুদিন ধরে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
নজরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম-১৪ আসন থেকে তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং জাতীয় সংসদ বিলুপ্ত হলে তার সংসদ সদস্যের দায়িত্বেরও অবসান ঘটে।
আরও পড়ুন: চট্টগ্রাম-২ আসনে বিজয়ী সারোয়ার আলমগীরের শপথে বাধা নেই
