সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আইন ও ন্যায়বিচারের তাত্ত্বিক এবং ব্যবহারিক অনুষঙ্গের মধ্যে নিবিড় সম্পর্ক গভীরভাবে অনুধাবন করা জরুরি।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে রাজধানীর বারিধারায় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগ মুট কোর্ট রুমে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য ফিলোসফিক্যাল অ্যান্ড জুরিসপ্রুডেনশিয়াল ফাউন্ডেশনস অব ল’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইটিএসের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মো. আব্দুল মান্নান ভূঁইয়া।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিল্পপতি পিএইচপি ফ্যামিলি ও ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আইনবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। তিনি মূল প্রবন্ধের ওপর বিশ্লেষণধর্মী প্রতিফলন উপস্থাপন করেন। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির তৃতীয় প্রজন্মের সদস্য নুমায়ের মিজান আমির।
সভাপতির বক্তব্যে ইউআইটিএস এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, এ ধরনের একাডেমিক আয়োজন সমালোচনামূলক আইন গবেষণা ও বৌদ্ধিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং আইন শিক্ষার উৎকর্ষ সাধনে এ ধরনের উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘ক্রেস্ট প্রেজেন্টেশন’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় সফলভাবে সম্পন্ন হওয়া ‘১ম ইন্ট্রা-ইউআইটিএস ল কলোকিয়াম’-এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক এবং বিপুল সংখ্যক আইন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ১ হাজার ৪৮৩ টাকায় ব্যবসা শুরু, এখন ৬ হাজার কোটি টাকার শিল্প গ্রুপ
