আসন্ন পবিত্র ঈদুল আজহায় আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর আগে গত ৭ মে মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। এতে সরকারি চাকরিজীবীদের টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মূলত দীর্ঘ ছুটির এ সুযোগ করে দেওয়া হয়েছে। তবে ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে। অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) অফিস করতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস আগামী ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত বন্ধ থাকবে এবং আগামী ২৩ ও ২৪ মে (শনি ও রোববার) অফিস খোলা থাকবে।
ছুটির আওতার বাইরে থাকবে যারা
জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিস এই ছুটির আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
