২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ৭ জানুয়ারি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ জুন শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে এহছানুল হক মিলন জানান, এসএসসি পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, এইচএসসি পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। ইতোমধ্যে রুটিন তৈরির কাজও চলমান রয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, সেশনজট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর শিক্ষার্থীদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
এহছানুল হক মিলন বলেন, ‘সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে। এই সমস্যা সমাধানে প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।’
এসএসসির সম্ভাব্য রুটিন প্রকাশ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ৭ জানুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হবে। ১৩ জানুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ জানুয়ারি গণিত এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে। ১১ ফেব্রুয়ারি ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে এসএসসি পরীক্ষা।
এদিকে ৬ জুন অনুষ্ঠিত হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার বাংলা প্রথম পত্র। এছাড়া ১৮ জুলাই ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে শেষ হবে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা।
আরও পড়ুন: পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার অবদান
