চট্টগ্রামের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে ঢাকায় ফিরে সংসদে গিয়ে বন্দরনগরীর জলাবদ্ধতাকে ‘ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক’ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুধু এ মন্তব্য করে ক্ষান্ত হননি তিনি, চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির বিষয়ে প্রতিমন্ত্রী দাবি করেছেন, ২০২৪ সালের জলাবদ্ধতার ছবি ব্যবহার করে অপপ্রচার চালানো হয়েছে।
আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি গলা উঁচিয়ে এ মন্তব্য করেন।
এর আগে গতকাল বুধবার (২৯ এপ্রিল) বিকেলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রাম নগরীর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করতে আসেন। পরিদর্শন শেষে আজ দুপুরে তিনি ঢাকায় ফিরে যান। কিন্তু তিনি চট্টগ্রাম নগরীতে অবস্থানকালে বৃষ্টি হয়নি। ফলে তখন নগরীর কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। সামান্য বৃষ্টি হলে বন্দরনগরীতে যে জলাবদ্ধতা হয় সে দৃশ্য তিনি পরিদর্শনে এসে নিজ চোখে দেখেননি।
গত সোমবার (২৮ এপ্রিল) ও পরদিন মঙ্গলবার (২৯ এপ্রিল) বৃষ্টির সময় চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর, জিইসি মোড়, চকবাজার, তিন পুলের মাথা, কাতালগঞ্জ, আগ্রাবাদ ও হালিশহরের সড়কগুলো পানিতে তলিয়ে যায়। অনেক সড়কে বুকসমান হওয়ায় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। অনেক এলাকায় ড্রেন উপচে পানি সড়ক ও বাসাবাড়িতে ঢুকে পড়ে। এই চিত্রকে ‘জলাবদ্ধতা’ বলতে নারাজ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম সংসদে দাবি করেন, ‘জলাবদ্ধতা’ নয়, পাঁচ স্থানে ‘অস্থায়ী জলজট’ হয়েছিল। এর আগে চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনও রাস্তায় পানি জমে থাকার দৃশ্যকে জলজট হিসেবে আখ্যায়িত করেন।
চট্টগ্রামের সচেতন নাগরিকদের অনেকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও সিটি মেয়রের কাছে জলজট আর জলাবদ্ধতার সংজ্ঞা কী তা জানতে চান।
চট্টগ্রামের সচেতন নাগরিকদের অনেকে প্রশ্ন তুলছেন, রাস্তায় কতক্ষণ পানি জমে থাকলে জলজট বলা হয় আর রাস্তা থেকে কতক্ষণ পর্যন্ত পানি নিষ্কাশন না হলে জলাবদ্ধতা বলা হয়?
গত সোমবার ও পরদিন মঙ্গলবার দুই দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়, মুরাদপুর ও তিন পুলের মাথায় পাঁচ থেকে ছয় ঘণ্টা রাস্তায় পানি জমে ছিল। এমনকি পাঁচলাইশ আবাসিক এলাকায় ২৪ ঘণ্টা পরও সড়ক থেকে পানি নিষ্কাশন হয়নি বলে খবর পাওয়া গেছে।
এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নগরীর প্রবর্তক মোড়ের জলাবদ্ধ এলাকা পরিদর্শন করতে যান। পরিদর্শন শেষে ওই স্থানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।
চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা যেভাবে নিউজটি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে। আমি সন্ধ্যার পর থেকে চট্টগ্রাম ঘুরে দেখলাম। চট্টগ্রাম শহর পানির ওপর ভাসছে না। চট্টগ্রাম নগরী শুষ্ক মৌসুমে যে রকম থাকে সে রকমই আছে। চট্টগ্রাম শহর সুন্দর আছে, যে রকম ছিল সে রকমই আছে।’
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এ বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিমন্ত্রীর এ বক্তব্যের কড়া ভাষায় সমালোচনা করেন। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল করেন নেটিজেনরা।
গতকাল বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান চট্টগ্রামের জলাবদ্ধতা ইস্যু সংসদে তুলে ধরেন। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
গলায় হাত রেখে সাঈদ আল নোমান সংসদে বলেন, ‘এই মুহূর্তে চট্টগ্রামের মানুষ পানিতে ভাসছে। আমাদের পানি গলা পর্যন্ত। মানুষ ভাবতে শুরু করেছে, চট্টগ্রামের এই সমস্যা কোনোদিন সমাধান হবে না।’
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই সংসদ সদস্য বলেন, ‘চট্টগ্রামের জন্য যদি প্রথম একটি কাজ করতে হয় তাহলে আমাদের এই জলাবদ্ধতার সমস্যা নিরসন করতে হবে।’
চট্টগ্রাম নগরীর ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে সংসদে একটি প্রস্তাব তুলে ধরে সাঈদ আল নোমান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রামের জলাবদ্ধতার বিষয়টা যেভাবে আমরা দেখছি, সেটাকে যদি চিন্তায় আনি, তাহলে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে কয়েক বছরের মধ্যে একটি ব্যবস্থা নিতে হবে।’
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সংবাদমাধ্যমে আমিও দেখেছি অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম শহরের একটি বড় অংশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সব নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়।’
সংসদ অধিবেশন শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরনগরীর জলাবদ্ধ এলাকা পরিদর্শন করতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে চট্টগ্রামে পাঠান।
আরও পড়ুন: চট্টগ্রামে জলাবদ্ধতা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল
