মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিনী অধ্যাপিকা রেবেকা সুলতানা। বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ।
জানা গেছে, সাক্ষাতে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের মধ্যে দেশের সার্বিক উন্নয়ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন।
জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করার পরে খেলা দেখে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী।
গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান।
আরও পড়ুন: আদালতে যা বললেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ
