বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৩ ফাল্গুন, ১৪৩২ | ৮ রমজান, ১৪৪৭

মূলপাতা জাতীয়

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ



রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৫:১২ অপরাহ্ণ

নবনির্বাচিত বিএনপি সরকারের অধীনে আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। ওইদিন বেলা ১১টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।

আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের প্রথম) অধিবেশন আহ্বান করেছেন।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।

এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এরইমধ্যে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাকে প্রধানমন্ত্রী করে দলটির নতুন সরকার কাজও শুরু করেছে।

আরও পড়ুন: তাজুল বাদ, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর