রাজনীতি সংবাদ প্রতিবেদক, ঢাকা
প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ণ
ঢাকা উত্তর ও দক্ষিণসহ ছয়টি সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপির ছয় নেতা। এদের দুজন সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। গতকাল রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
ছয় সিটি কর্পোরেশনে বিএনপির যে ছয় নেতাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন-ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি কর্পোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি কর্পোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি কর্পোরেশনে মো. শওকত হোসেন সরকার।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়া আব্দুস সালাম বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন আব্দুস সালাম।
ঢাকা উত্তর সিটির প্রশাসকের দায়িত্ব পাওয়া মো. শফিকুল ইসলাম খান সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে তিনি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের কাছে হেরে যান।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়া নজরুল ইসলাম মঞ্জু বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়া আব্দুল কাইয়ুম চৌধুরী জেলা বিএনপির সভাপতি। তিনি সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়া মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। তিনি ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন। তবে নির্বাচনে হেরে যান। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোননয়ন চেয়েও পাননি।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব পাওয়া মো. শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পাননি।
আরও পড়ুন: ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল কায়সার
