, | |

মূলপাতা জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সই, শুল্ক কমলো ১ শতাংশ


চুক্তি সই অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ অন্যরা। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১৯ : অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে সই করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্ক ১ শতাংশ কমিয়ে ১৯ শতাংশ নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাবে।

আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভার্চুয়ালি এ চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

বাংলাদেশের ক্ষেত্রে শুরুতে ৩৭ শতাংশ শুল্ক ঘোষণা করা হলেও পরে তা কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়। এর আগে থেকেই বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। ফলে মোট শুল্কের হার গিয়ে দাঁড়ায় প্রায় ৫০ শতাংশে। এতে তৈরি পোশাকসহ রপ্তানিখাত বড় চাপের মুখে পড়ে।

এই পরিস্থিতিতে শুল্ক কমানোর জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ আলোচনার পর গত বছরের ৭ আগস্ট থেকে বাড়তি শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামানো হয় (অর্থাৎ মোট শুল্ক ৫০ শতাংশ থেকে কমে দাঁড়ায় ৩৫ শতাংশ)। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর শর্ত দেয় ওয়াশিংটন।

বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৮০০ কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় ৬০০ কোটি ডলারের পণ্য।

বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে পাঁচ বছরে ৩৫ লাখ টন গম আমদানির চুক্তি করেছে বাংলাদেশ। পাশাপাশি উড়োজাহাজ ও যন্ত্রাংশ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), সয়াবিন তেল, ভুট্টা ও তুলাসহ বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ারই অংশ হিসেবে এবার নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হলো।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে যে বার্তা দিলেন মার্কিন রাষ্ট্রদূত

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর