ভিসা বন্ডের (জামানত) তালিকায় বাংলাদেশকে যুক্ত করলো যুক্তরাষ্ট্র। বাংলাদেশসহ ২৮টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সর্বোচ্চ ১৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার) পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে। বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্র দপ্তরের তালিকায় বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ নেপাল আর ভুটানও রয়েছে। এছাড়া আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশকিছু দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
এ নীতি পররাষ্ট্র দপ্তরের একটি পাইলট কর্মসূচির আওতায় গত আগস্টে প্রথম চালু করা হয়। সে সময় কয়েকটি দেশকে প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছিল।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এই পাইলট কর্মসূচির মূল উদ্দেশ্য হলো ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যারা অবৈধভাবে থেকে যান, তাদের নিরুৎসাহিত করা। মূলত যেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে গিয়ে ফিরে না আসার হার বেশি, সেসব দেশকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী ব্যক্তিরা বি-১/বি-২ (ব্যবসা ও পর্যটন) ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন। তবে, সেক্ষেত্রে আবেদনকারী ব্যক্তিকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড জমা দিতে হবে। ভিসা সাক্ষাৎকারের সময় এই জামানতের পরিমাণ নির্ধারণ করা হবে।
আবেদনকারীদের মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে.গভ (Pay.gov)–এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতি জানাতে হবে।
আরও পড়ুন: পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ
