পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) যুব শাখার নেতা কামরান সাঈদ উসমানি ভারতকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন, ভারত বাংলাদেশে খারাপ কোনো উদ্দেশে নজর দিলে (হামলা করলে) তাহলে পাকিস্তানের সেনাবাহিনী এবং ক্ষেপণাস্ত্র তার জবাব দেবে।
আজ মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ হুমকি দেন।
কামরান সাঈদ উসমানি নামের ওই যুব নেতা বলেন, ‘ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত হানে, যদি কেউ বাংলাদেশের দিকে কুনজর দেয়, তাহলে মনে রাখতে হবে, পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং আমাদের ক্ষেপণাস্ত্র খুব দূরে নয়।’
পাকিস্তান মুসলিম লীগের এই নেতা বলেন, ‘‘বাংলাদেশে যদি ভারত ‘অখণ্ড ভারত’ চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে।’’
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আনুষ্ঠানিক সামরিক জোট গঠনের আহ্বান জানিয়ে কামরান সাঈদ উসমানি বলেন, ‘আমাদের প্রস্তাব হলো, বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত।’
তবে পাকিস্তান মুসলিম লীগের এই বক্তব্য ব্যক্তিগত ও দলীয় পর্যায়ের হলেও, এখন পর্যন্ত পাকিস্তান বা বাংলাদেশের সরকারিভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ভারতও এই বিষয়টি নিয়ে কিছু বলেনি।
বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য আঞ্চলিক রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে। কূটনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে।
আরও পড়ুন: দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
