, | |

মূলপাতা জাতীয়

হাসিনা-কামালকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার


শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। ছবি: সংগৃহীত
রাজনীতি সংবাদ প্রতিবেদক প্রকাশের সময় :২০ নভেম্বর, ২০২৫ ৫:০৮ : অপরাহ্ণ

জুলাই অভ্যুত্থানে বর্বর হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তাদের দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে ইতালিতে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার কথা ভাবছে সরকার।

আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ও কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দেয়া হচ্ছে। ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।

গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ২০২৪ সালে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড প্রদান করে। একই সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ দেওয়া ও তদন্তে সহযোগিতা করায় রাষ্ট্রপক্ষের স্বীকারোক্তিকারী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ‘লঘুদণ্ড’ হিসেবে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফাঁসির রায়ের পর ওইদিনই ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আজকের রায়ে পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জুলাই হত্যাকাণ্ডের জন্য অপরাধী সাব্যস্ত হয়েছেন এবং দণ্ডপ্রাপ্ত হয়েছেন। মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। দুই দেশের মধ্যে বিরাজমান প্রত্যর্পণ চুক্তি অনুসারে এটি ভারতের জন্য অবশ্য পালনীয় দায়িত্বও বটে।

আরও পড়ুন: হাসিনা-কামালের মৃত্যুদণ্ড: পরবর্তী আইনি পদক্ষেপ কী?

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর