, | |

মূলপাতা ক্যাম্পাস রাজনীতি

রাকসুর পর পেছালো চাকসু নির্বাচনও


চাকসু ভবন
প্রকাশের সময় :২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৫:০১ : অপরাহ্ণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (রাকসু) পর এবার পিছিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন। প্রার্থীদের একাংশের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন তিন দিন পিছিয়ে ১২ অক্টোবরের পরবর্তীতে ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

এর আগে পোষ্য কোটাকে কেন্দ্র করে রাকসু নির্বাচন পিছিয়ে দেওয়া হয়। ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর হবে রাকসু নির্বাচন।

গত কিছু দিন ধরে চাকসু নির্বাচন পেছানোর পক্ষে বিপক্ষে আলোচনা চলছিল। চাকসু নির্বাচনের জন্য প্রশাসন প্রচার-প্রচারণার জন্য যে সময় দিয়েছে তা যথেষ্ট নয় বলে সম্প্রতি মন্তব্য করেন চাকসু নির্বাচনের দ্রোহ পর্ষদের ভিপি প্রার্থী ঋজু লক্ষ্মী অবরোধ। তিনি বলেন, ‘প্রচারণার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে, সেটা যথেষ্ট নয়। সামনে পূজার ছুটি। যে চার দিন রয়েছে, সেটা পুরোপুরিভাবে কাজে লাগাতে পারব বলে মনে হচ্ছে না।

 

অন্যদিকে চাকসু নির্বাচন পেছানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলে ইসলামী ছাত্রশিবির। গত ১০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোহাম্মদ আলী। তিনি বলেন, দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা তৈরি হলেও একটি পক্ষ তা বানচালের চেষ্টা করছে।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসু নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ২৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ২২ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১২ জন, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক ১৫ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ১৮ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ১৬ জন, দপ্তর সম্পাদক ১৮ জন, সহ-দপ্তর সম্পাদক ১৪ জন প্রার্থিতা করবেন।

এছাড়া ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ১১ জন, গবেষণা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ১৬ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ২০ জন সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ১৪ জন, আইন ও মানবাধিকার ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ২১ জন এবং নির্বাহী সদস্য ৫টি পদের বিপরীতে ৮৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

উল্লেখ্য, ১৯৯০ সালের ৮ নভেম্বর সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন:

জাকসুর ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু, জিএস শিবিরের মাজহারুল

ডাকসুর ভিপি, জিএস ও এজিএস পদে শিবিরের জয়জয়কার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর