ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ভুটান ও চীন। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯।
আজ রোববার বিকেল ৫টা ১১ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন একটি সংবাদমাধ্যমকে বলেন, বাংলাদেশে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য আসামের ঢেকিয়াজুলিতে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পে ভারতসহ ছয় দেশ কেঁপে উঠেছে। ভূমিকম্পটির উৎপত্তি বেশি গভীরে না হওয়ায় ভূমিকম্পের কেন্দ্রস্থলে তীব্র কম্পন অনুভূত হয়েছে।
এদিকে, জার্মানির ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বলছে, রোববার উত্তর-পূর্ব ভারতে ৫.৭১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
এর আগে গত এপ্রিলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।
