সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
আজ বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দুপুর আড়াইটা থেকে প্রায় ২০ মিনিটের মতো তাদের মধ্যে বৈঠক চলে।
বৈঠকে দ্বিপক্ষীয় বিচারিক সহযোগিতা, মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন সংক্রান্ত বিষয়াবলি আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোছাইন গণমাধ্যমকে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদ্রুতের এটা সৌজন্য সাক্ষাৎ। আগে থেকেই নির্ধারিত ছিল।
এর আগে, গত ১২ আগস্ট রাজধানীর গুলশানে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
সূত্র জানায়, কমিশনের সদস্য সচিব ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার ও মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান এরিক গিলান ওই বৈঠকে ছিলেন।
বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী, বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের প্রস্তুতি, আসন্ন জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে মার্কিন কূটনীতিকদের সঙ্গে আলী রীয়াজের কথা হয়।
এর আগে, গত ১১ আগস্ট রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন।
আরও পড়ুন: হাসিনার নির্দেশে ইয়াকুব-ইসমামুলকে হত্যা করা হয়
