ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে পুলিশের ৪০ কর্মকর্তাকে দেওয়া বিপিএম (বাংলাদেশ পুলিশ পদক) ও পিপিএম (রাষ্ট্রপতি পুলিশ) পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত অবস্থায় রয়েছেন। পলাতক এবং সাময়িক বরখাস্ত এসব কর্মকর্তার পদক বাতিলের পাশাপাশি পুরস্কারের অর্থ ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনটি জারির তারিখ হিসেবে ৭ আগস্ট উল্লেখ করা হলেও আজ রোববার এ বিষয়ে জানা গেছে।
এসব কর্মকর্তারা হলেন-ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইমলাম, সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন-উর-রশিদ, ডিআইজি নূরে আলম মিনা, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকার, এস এম মেহেদী হাসান, সঞ্জিত কুমার রায়, মোহাম্মদ জায়েদুল আলম, ম্যামল কুমার মুর্খাজী, রিফাত রহমান শামীম, কাজী আশরাফুল আলম, প্রলয় কুমার জোয়ার্দার, সুদীপ কুমার চক্রবর্তী, মোহাম্মদ ফরিদ উদ্দিন ও আয়েশা সিদ্দিকা।
পুলিশ সুপার আসাদুজ্জামান, মো. শাহজাহান, মোহাম্মদ ছানোয়ার হোসেন, মানস কুমার পোদ্দার, গোলাম মোস্তফা রাসেল, আরিফুর রহমান মন্ডল ও ইকবাল হোসাইন। অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাত রহমত উল্লাহ চৌধুরী, এস এম জাহাঙ্গীর হাছান, রুবাইয়াত জামান, শাহ আলম মো. আখতারুল ইসলাম, তৌহিদুল ইসলাম, ইফতেখারুল ইসলাম, রওশানুল হক সৈকত ও মিশু বিশ্বাস।
সহকারী পুলিশ সুপার গোলাম রুহানী। পুলিশ পরিদর্শক মেজবাউদ্দিন আহাম্মেদ, মশিউর রহমান, বি এম ফরমান আরী, নূরে আলম সিদ্দিকী, কাজী মাইনুল ইসলাম, অপূর্ব হাসান, মো. শাহজাহান, শেখ আমিনুল বাশার ও জাকির হোসাইন।
প্রজ্ঞাপনে বলা হয়, নিজ নিজ কর্মস্থলে থেকে পলায়ন হওয়ায় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। ৪০ পুলিশ কর্মকর্তার অনুকূলে পুলিশ পদক প্রত্যাহার করা হলো। পদক প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের অনুকূলে আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো। ইতিপূর্বে পদক-সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পুলিশের এসব কর্মকর্তারা পলাতক রয়েছেন।
আরও পড়ুন: পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলেই মিলবে পুরস্কার
