স্থান পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল চত্বর। গত ৯ জুলাই বিকেল পেরিয়ে সন্ধ্যা। হঠাৎ হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন এলাকায় ঘটে যায় এক ভয়াবহ ঘটনা। শতাধিক লোকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) প্রকাশ্যে কুপিয়ে, পিটিয়ে ও পাথর ছুড়ে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর নিথর দেহ টেনেহিঁচড়ে কম্পাউন্ডের বাইরের সড়কে এনে শত শত মানুষের সামনে চলে উন্মত্ততা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু হত্যা করেই থামেনি হামলাকারীরা। মৃত্যু নিশ্চিত হওয়ার পরও তারা লাশের ওপর নৃশংসতা চালিয়েছে। রক্তাক্ত নিথর দেহ রাস্তার মাঝখানে ফেলে তার ওপর দাঁড়িয়ে উন্মত্ত উল্লাস করেছে। একজন নয়, একাধিক হামলাকারী লাশের নাক-মুখে এবং বুকের ওপর একের পর এক আঘাত করেছে।
নারকীয় এ হত্যাকাণ্ডের পুরো দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সোহাগকে প্রথমে নির্মমভাবে মারধর করে, পরে কুপিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর দুই যুবক তার নিথর দেহ রাস্তায় টেনে নিয়ে এসে একের পর এক লাথি, ঘুষি ও বুকের ওপর লাফিয়ে বর্বরতা চালায়। পরে তার মাথা ও শরীরের ওপর ছোড়া হয় বড় বড় পাথর।
ঘটনার সময় শত শত মানুষ আশপাশে দাঁড়িয়ে থাকলেও কেউ এগিয়ে আসেনি। এমনকি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরাও নীরব ছিলেন। আতঙ্কে সবাই নৃশংস দৃশ্য দেখলেও কেউ বাধা দেয়নি।
নিহতের পরিবার দাবি করেছে, সোহাগকে পূর্ব পরিকল্পিতভাবে তার দোকান থেকে ডেকে নেওয়া হয়। প্রতিপক্ষ একটি গ্রুপ তার ব্যবসায় আধিপত্য চাচ্ছিল এবং নিয়মিত চাঁদা দাবি করছিল। সোহাগ রাজি না হওয়ায় এই হত্যাকাণ্ড ঘটে।
পারিবারিক সূত্র জানায়, সোহাগ পুরান ঢাকায় পুরাতন বৈদ্যুতিক তার ও ভাঙারির ব্যবসা করতেন। ওই এলাকায় ভাঙারি ব্যবসার একটি সিন্ডিকেট ছিল, যার নেতৃত্বে ছিলেন সোহাগ। সেই সিন্ডিকেটের অংশীদার হতে চেয়েছিল মাহমুদুল হাসান মহিন ও সারোয়ার হোসেন টিটু। বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে বলে মনে করছে পরিবার।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে রয়েছেন-মাহমুদুল হাসান মহিন, সারোয়ার হোসেন টিটু, মনির, নান্নু, রিয়াদ, টিটন গাজী ও লাকী। ইতোমধ্যে র্যাব ও পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশনস) এস এন নজরুল ইসলাম বলেন, ‘ভিডিও দেখে আমরা শিউরে উঠেছি। এ ধরনের উগ্রতা সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক। চার জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।’
নিহতের পরিবার জানায়, ঘটনার দিন সকালে অভিযুক্ত টিটু সোহাগের বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করেন এবং শান্তিপূর্ণ আলোচনার আশ্বাস দিয়ে তাকে বাইরে নিয়ে যান। এরপরই ঘটে মর্মান্তিক এ ঘটনা।
প্রকাশ্যে কেন এই নৃশংসতা?
পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, সোহাগ মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসার সঙ্গে পুরনো বৈদ্যুতিক কেবল কেনাবেচার ব্যবসা করতেন। তার দোকানের নাম সোহানা মেটাল। ওই এলাকায় বিদ্যুতের তামার তার ও সাদা তারের ব্যবসার একটা সিন্ডিকেট রয়েছে। এর নিয়ন্ত্রণ ছিল সোহাগের হাতে।
সেই নিয়ন্ত্রণ নিতে মরিয়া ছিলেন মাহমুদুল হাসান মহিন ও সারোয়ার হোসেন টিটু। তারা ওই ‘অবৈধ’ বাণিজ্যের ৫০ শতাংশ নিয়ন্ত্রণ চেয়েছিলেন। তা নাহলে নিয়মিত চাঁদা দেওয়ার দাবি জানিয়েছিল তারা। এর জেরেই দ্বন্দ্ব শুরু হয়। সেই দ্বন্দ্বে ঘটে এ হত্যাকাণ্ড।
স্থানীয়রা জানিয়েছেন, সোহাগ ও হামলায় নেতৃত্ব দেওয়া মহিন, টিটুসহ অন্যরা ৩০ নম্বর ওয়ার্ড যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের দলীয় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে দেখা যায়। স্থানীয়ভাবেও তাদের সবাই যুবদলের নেতা বলে জানেন। তবে সংগঠনে তাদের কোনো পদ রয়েছে কি না, নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের ভাগ্নি মীম আক্তার জানান, খুনিরা সোহাগের কাছে ব্যবসার ৫০ শতাংশ অংশীদার দাবি করেছিলেন। নাহলে লাভের ৫০ শতাংশ চাঁদা দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছিলেন। এনিয়ে ওই গ্রুপটি কয়েকদিন আগে তার মামাকে হত্যার হুমকিও দেন এবং তিন দিন দোকানও খুলতে দেয়নি।
আরও পড়ুন: ফ্লাইট ছাড়ার আগে অচেনা ফোনকলে বললো, বিমানে বোমা, এরপর…
