, | |

মূলপাতা জাতীয়

৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি


প্রকাশের সময় :১৯ জুন, ২০২৫ ৩:৪৯ : অপরাহ্ণ

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বার্ষিকীতে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর এই দিন সরকারি সাধারণ ছুটি থাকবে।

আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতি উপদেষ্টা জানান, এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট ছুটি থাকবে। এ ব্যাপারে আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গেজেট প্রকাশ হবে।

মোস্তফা সরওয়ার ফারুকী আরও জানান, আগামী ১ জুলাই থেকে জুলাই অভ্যুত্থানের প্রাথমিক কর্মসূচি শুরু হবে। আর চূড়ান্ত কর্মসূচি চলবে ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত। এ বিষয়ে আগামী ২৩ জুন সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মাত্র ২২ দিনের বিক্ষোভে পতন হয় শেখ হাসিনা সরকারের।

২০২৪ সালের ৩ আগস্ট ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাখো মানুষের সমাবেশে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়ে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয়।

পরদিন ৪ আগস্ট ঢাকাসহ সারাদেশে ছাত্র-জনতাকে প্রতিরোধ করতে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে মাঠে নামে। এ দিন সারাদেশে পুলিশ, শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীসহ শতাধিক মানুষ প্রাণ হারায়।

এ অবস্থায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ঘেরাও করতে ৫ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সেদিন রাস্তায় নেমে আসেন লাখো মানুষ। শেষ পর্যন্ত ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের।

 

ওই দিন বেলা আড়াইটার দিকে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গণভবন থেকে হেলিকপ্টারে করে কুর্মিটোলা বিমান ঘাঁটিতে চলে যান। সেখান থেকে তারা বিমানবাহিনীর একটি বিমানে করে ভারতে পালিয়ে যান।

এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে। শেখ হাসিনার পতনের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আনন্দ-উল্লাস করেন।

এরপর ছাত্র-জনতার দাবির মুখে গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র।

আরও পড়ুন: প্রবাসীরা ফেরার সময় বিনা শুল্কে আনতে পারবেন যে ১৯ পণ্য

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর