, | |

মূলপাতা ধর্ম

আজ খুশির ঈদ


প্রকাশের সময় :৩১ মার্চ, ২০২৫ ৮:২০ : পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর আজ সোমবার। এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি, বা স্বাভাবিক অবস্থায় ফিরে আসা। যেহেতু দীর্ঘ এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের এক তারিখে এর সমাপ্তি ঘটানো হয়, তাই এর নাম ঈদুল ফিতর।

মূলত মুমিন বান্দারা কঠোর সাধনার মাধ্যমে টানা ৩০ দিন যে সিয়াম পালন করেছেন, সেটার প্রতিদান বা পুরস্কার প্রদানের জন্যই এই উপলক্ষ। এজন্য ঈদুল ফিতরকে বলা হয় পুরস্কারের ঈদ। আর পুরস্কারপ্রাপ্তি মানেই আনন্দের। ফলে ঈদুল ফিতর মুমিনের খুশির উৎসব।

রাসুল (সা.) বলেন, ‘‘রমজানের শেষে মুমিন বান্দারা যখন তাকবির পাঠ করতে করতে ঈদগাহের উদ্দেশে রওয়ানা হন, আল্লাহ তায়ালা তখন ফেরেশতাদের বলেন, ‘যে বান্দা তার কর্তব্য সম্পন্ন করে, তার প্রতিদান কী হওয়া উচিত?’ ফেরেশতারা বলেন, ‘তার প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া উচিত।’ আল্লাহ তায়ালা বলেন, ‘আমার বান্দারা তাদের ওপর আরোপিত কর্তব্য পালন করে এখন আমার মহিমা ঘোষণা করতে করতে বের হয়েছে। আমি আমার মর্যাদা ও প্রতিপত্তির শপথ করে বলছি, তাদের দোয়া অবশ্যই কবুল করবো। তারপর আল্লাহ ঘোষণা করেন, তোমরা ফিরে যাও। আমি তোমাদের পাপগুলো ক্ষমা করে দিলাম। আর তোমাদের পাপরাশিকে সওয়াবে পরিণত করলাম।’’ (বায়হাকী)

ঈদ মুসলমানদের জাতীয় সম্মেলন ও ঐক্যের প্রতীক। ঈদের সূচনা হয় হিজরি দ্বিতীয় সন অর্থাৎ ৬২৩ খ্রিস্টাব্দ থেকে।

অন্ধকার যুগে আরবের মক্কায় ‘উকাজ মেলা’ এবং মদিনায় ‘নীরোজ’ ও ‘মিহিরগান’ অনুষ্ঠানের মাধ্যমে অশ্লীল আনন্দ-উল্লাস করা হতো। ইসলামের নবী হজরত মুহাম্মদ (সা.) মদিনায় আগমনের পর মুসলমানদের জন্য ক্ষতিকর ও অশ্লীলতামুক্ত স্বতন্ত্র আনন্দ-উৎসবের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। এজন্য তিনি মুসলমানদের নির্মল আনন্দ উৎসব করতে বছরে দুটি ‘ঈদ’ উৎসবের প্রর্বতন করেন। এর একটি হলো ঈদুল ফিতর, অন্যটি হলো ঈদুল আজহা।

১৬ বছরের ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনমুক্ত পরিবেশে এবার মানুষ ভিন্ন আমেজে নতুন উদ্দীপনায় ব্যতিক্রমী ঈদুল ফিতর উদযাপন করছে। সর্বত্রই বিরাজ করছে স্বস্তিময় ঈদের প্রকৃত এক আবহ।

গতকাল রোববার সন্ধ্যায় চাঁদ দেখার পরপরই রেডিও-টেলিভিশনে বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গান- ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ…।

এই খুশির আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে শহরাঞ্চলের বেশিরভাগ মানুষ ছুটে গেছে গ্রামের বাড়িতে। খুশি ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের নিয়ে এক মহামিলনের সীমানায়। নতুন জামাকাপড় পরে উৎসবে মেতে ওঠে সব বয়সী মানুষ। বড়রা ছোটদের নতুন উপহার এবং সেলামির টাকা দেয়, যা এই দিনের খুশির চেতনা এবং তাৎপর্যকে প্রতিফলিত করে।

এবার ঈদ উৎসবে নতুন মাত্রা আনতে যাচ্ছে সরকার। সুলতানি আমলের আদলে সাজবে এবার ঈদ অনুষ্ঠান। সরকারি- বেসরকারি আয়োজনে ঈদের নামাজ শেষে বের হবে র‌্যালি, বসবে ঈদ মেলা, থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলার ঘরে ঘরে সাধ্যমতো ভালো খাবার রান্নার চেষ্টা করা হবে। ঈদের দিন ঘুম থেকে উঠে গোসল-অজু করে দিনের শুরুতে সেমাই, মিষ্টিমুখ করে মুসল্লিরা যাত্রা শুরু করবেন ঈদের জামাতে অংশ নিতে। নামাজ আদায় শেষে ঈদগাহ ময়দানে বুকে বুক মেলাবেন।

নামাজ আদায় শেষ করে মুসল্লিরা যাবেন কবরস্থানে প্রিয়জনের বিদেহী আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে। কবরস্থান থেকে মুসল্লিরা বাসায় ফিরে খাবার খেয়ে বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করবেন। প্রিয়জনের সঙ্গে আনন্দ–আড্ডায় মেতে উঠবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শিশুরা নতুন পোশাক পরে নিকটাত্মীয়দের বাড়িতে বেড়াতে যাবে।

এক মাস সিয়াম সাধনা শেষে আপনজনের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ইতোমধ্যে রাজধানী ঢাকাসহ অন্যান্য বড় শহর থেকে গ্রামে ফিরেছেন লাখ লাখ মানুষ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন সংগঠনের নেতারা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, সকলকে আনন্দময় ঈদ মোবারক জানাচ্ছি। আশা করি, ঈদের সময় আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের বাড়িতে যেতে পারবেন এবং আপনাদের পরিবারের সঙ্গে আনন্দের সাথে ঈদ উদ্‌যাপন করবেন।

দেশের জনগণকে তাদের আত্মীয়স্বজনের কবর জিয়ারত করার, দরিদ্র পরিবারের খোঁজখবর নেওয়ার এবং তাদের ভবিষ্যৎ কীভাবে উন্নত করা যায় সে সম্পর্কে চিন্তাভাবনা করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনার সন্তানদের আত্মীয়স্বজনের সাথে পরিচয় করিয়ে দিন-এটাই আমার ইচ্ছা।

এ ছাড়া, ঈদের নামাজের সময় যেকোনো মতপার্থক্য থাকা সত্ত্বেও পরাজিত শক্তির সব উসকানির মুখে সবাইকে ঐক্যবদ্ধ ও দৃঢ় থাকার আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস প্রার্থনা করেন, সকলের জীবন অর্থপূর্ণ ও আনন্দে ভরে উঠবে। আল্লাহ আমাদের সকলকে সাহায্য করবেন।

আরও পড়ুন: ৭ বছর পর পরিবারের সাথে ঈদ উদযাপন খালেদা জিয়ার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর