, | |

মূলপাতা জাতীয়

ড. ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রকাশের সময় :২৭ মার্চ, ২০২৫ ১০:০২ : পূর্বাহ্ণ

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে পারস্পরিক সম্পর্ক জোরদার করার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করা হয়েছে।

শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে (ড. ইউনূস) ও বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রূপান্তরের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা গড়ে তোলার একটি সুযোগ তৈরি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আগামী এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং একইসঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব। পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধিতেও একসঙ্গে কাজ করতে পারব।

ডোনাল্ড ট্রাম্প বলেন, স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে আপনাকে ও বাংলাদেশের জনগণকে আমার আন্তরিক শুভকামনা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীও। গত ২৫ মার্চ এক বিবৃতিতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে উভয় দেশকে আরও নিরাপদ, শক্তিশালী এবং সমৃদ্ধ করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।

বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবারের স্বাধীনতা দিবস উদ্‌যাপন হচ্ছে। যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় বাংলাদেশের সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় যুক্তরাষ্ট্র পাশে থাকবে বলে উল্লেখ করেন মার্কো রুবিও।

এর আগে, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছাবার্তা জানায় যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছাবার্তা প্রকাশ করে।

আরও পড়ুন: বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর