অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার ভাষণ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশনগুলো সম্প্রচার করবে। এছাড়া অনলাইনেও এটি সম্প্রচার হবে।
আজ বুধবার দেশে পালিত হবে মহান স্বাধীনতা দিবস। প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ছাড়াও অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ থাকতে পারে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন, চলমান সংস্কার প্রক্রিয়াসহ বিভিন্ন ইস্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর তিনদিন পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েক বার ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। এবারের ভাষণেও প্রয়োজনীয় দিকনির্দেশনা থাকবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ, ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএম শাহাবুদ্দিন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার।
আরও পড়ুন: ৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
