একদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলে। তিনি মার্কিন সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার।
আজ সোমবার রাত ১০টার দিকে তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে জেনারেল ভোয়েলে ঢাকায় আসার কথা রয়েছে।
জানা গেছে, ঢাকা সফরকালে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল ভোয়েলে মঙ্গলবার (২৫ মার্চ) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ করবেন। এ ছাড়া, তিনি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
জেনারেল ভোয়েলে আফগানিস্তানে তিনটি এবং ইরাকে দুটি যুদ্ধ সফর করেছেন, যার মধ্যে উভয় দেশের সার্চ অভিযানও রয়েছে। এই দলে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালাচার (ডিফেন্স কো-অপারেশন অফিস) এবং মেজর ইয়ান লিওনার্ড।
ভারতীয় অনলাইন সংবাদমাধ্যম নর্থইস্ট নিউজের খবরে বলা হয়েছে, এই বৈঠকের লক্ষ্য মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্তে প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করা, যেখানে সামরিক জান্তার বিরুদ্ধে আরাকান আর্মির সামরিক পদক্ষেপ শীঘ্রই শুরু হবে বলে আশা করা হচ্ছে।
খবরে আরও বলা হয়, আজ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মিলিটারি অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ই ডি মিচিই, লেফটেন্যান্ট কর্নেল হান্টার গ্যালাচার (প্রতিরক্ষা সহযোগিতা অফিস থেকে) এবং মেজর ইয়ান লিওনার্ডের নেতৃত্বে তিন সদস্যের মার্কিন কর্মকর্তাদের একটি দল বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব অপারেশনস ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলিমুল আমিনের সাথে সাক্ষাত করেন। এই বৈঠকটি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কার্যালয়ের অধীনে সশস্ত্র বাহিনী বিভাগে অনুষ্ঠিত হয়।
নর্থইস্ট নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশের কৌশলগত বিষয়ক বিশ্লেষকরা বলছেন, লেফটেন্যান্ট জেনারেল ভোয়েলের এই সফর তাৎপর্যপূর্ণ । কারণ আরাকান আর্মি সম্ভবত রাখাইন রাজ্যের বাকি তিনটি শহর-সিটওয়ে, কিয়াউকফিউ এবং মানাউং-দখলের জন্য একটি বড় সামরিক অভিযানের পরিকল্পনা করছে, যেখানে সামরিক জান্তা এখন প্রতিরোধ গড়ে তুলেছে।
আরও পড়ুন: আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ
