আসন সমঝোতার ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ হবে বিপজ্জনক।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ প্রশ্ন রাখেন, ‘আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম?’
এ সময় তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।’
এর আগে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন, ‘আমি সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই।আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে- তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো।’
হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘আমরা উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামীলীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে।আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে।’
পরে-মিটিং অসমাপ্ত রেখেই আমাদের চলে আসতে হয়।’
হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই। দলটিকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে।’
এদিকে, আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শুক্রবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্রে লিপ্ত।’
আরও পড়ুন: আ.লীগ পুনর্বাসনের পরিকল্পনা ফাঁস করলেন হাসনাত আব্দুল্লাহ
