, | |

মূলপাতা জাতীয়

ঢাকায় এলেন জাতিসংঘের মহাসচিব


ঢাকা শাহজালাল বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
প্রকাশের সময় :১৩ মার্চ, ২০২৫ ৫:৩৯ : অপরাহ্ণ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দি‌নের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় এমিরেটসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এ সময় বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জাতিসংঘ মহাসচিব সরাসরি হোটেলে যান।

প্রায় সাত বছরের ব্যবধানে বাংলাদেশে এটি তার দ্বিতীয় সফর। জাতিসংঘ মহাসচিবের সফরে আলোচনায় অগ্রাধিকার পাবে রোহিঙ্গা শরণার্থী সংকট। এ ছাড়া মানবাধিকার ইস্যুও গুরুত্ব পাবে বলে বার্তা দিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, আগামীকাল শুক্রবার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান সকাল ৯টায় হোটেলে গুতেরেসের সঙ্গে দেখা করবেন। পরে জাতিসংঘ মহাসচিব সকাল ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে দেখা করবেন।

বৈঠকের পর গুতেরেস প্রধান উপদেষ্টাসহ রোহিঙ্গা শিবির পরিদর্শনের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কক্সবাজার যাবেন। সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম তাদেরকে স্বাগত জানাবেন।

আন্তোনিও গুতেরেস পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী। ২০১৭ সালের ১ জানুয়ারি জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন শুরুর আগে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। তাই রোহিঙ্গা সংকট এবং এর জটিলতার বিষয়ে আগে থেকেই তিনি অবগত। পরিবর্তিত বিশ্বপরিস্থিতিতে রোহিঙ্গাদের প্রতি বৈশ্বিক সাহায্য-সহযোগিতা কমছে। তাই এ সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এ বিষয়ে বিশ্বসম্প্রদায়ের দৃষ্টি অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ।

কর্মকর্তারা বলেছেন, রাখাইনে খাদ্য ও মানবিক সংকট মোকাবেলায় জাতিসংঘ বাংলাদেশের সহযোগিতা চাচ্ছে। তবে বাংলাদেশ এ বিষয়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হতে চাচ্ছে।

গত জুলাই-আগস্টে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘের তদন্তদল গত মাসে প্রতিবেদন প্রকাশ করেছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিবের সফর বাংলাদেশে মানবাধিকার ইস্যুতে গুরুত্ব দিতে গুতেরেসের প্রতি বিভিন্ন সংস্থা আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিব আগামী শনিবার ঢাকায় জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে। সফর শেষে আগামী রোববার তিনি ঢাকা ছাড়বেন।

আরও পড়ুন: আরও বাড়লো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর